২১ জুন ২০২৬, রবিবার, ১৫:২০

শিরোনাম
চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন সফর বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সালমান শাহ হত্যা মামলার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না: রাষ্ট্রদূত
শিরোনাম
চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন সফর বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সালমান শাহ হত্যা মামলার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না: রাষ্ট্রদূত

উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা, সিলেটেও ঝুঁকি

উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা, সিলেটেও ঝুঁকি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ১৩:০২

দেশের অভ্যন্তরে টানা বৃষ্টিপাত এবং ভারতের উজান অঞ্চলে ভারি বর্ষণের কারণে উত্তরাঞ্চলের কয়েকটি নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে। এতে উত্তরাঞ্চলের চার জেলা নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকলে এসব জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হতে পারে। একই সঙ্গে সিলেট বিভাগেও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।

উত্তরাঞ্চলে বাড়ছে নদীর পানি
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন বলেন, ভারি বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কয়েকটি স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি অব্যাহত থাকলে বন্যার ঝুঁকি আরও বাড়তে পারে।

নদীর পানি বাড়তে থাকায় তীরবর্তী এলাকার কৃষকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অনেক স্থানে আবাদি জমি ও ফসলি ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তিস্তা অববাহিকায় সতর্কতা
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় নীলফামারীর ডালিয়া পয়েন্টে অবস্থিত তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গতকাল বিকেলে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। আগের দিন একই সময়ে তা ছিল বিপৎসীমার ৪১ সেন্টিমিটার নিচে। পানি বাড়তে থাকায় লালমনিরহাটের নদীতীরবর্তী নিম্নাঞ্চলের কিছু ফসলি জমি ইতিমধ্যে প্লাবিত হয়েছে।

সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা
সিলেটে কয়েক দিন ধরে অব্যাহত বৃষ্টিপাতের কারণে নিম্নাঞ্চলে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ১৪০ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি চলতি মৌসুমে স্বল্প সময়ের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের একটি।

এ ছাড়া শনিবার দুপুর পর্যন্ত আরও ৩৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভারতের মেঘালয়সহ উজানের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার নদ-নদীর পানি বাড়ার আশঙ্কা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, আগামী কয়েক দিন মেঘালয় অঞ্চলে ভারি বৃষ্টিপাত হলে সিলেটের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

আরও কয়েক দিন ভারি বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। এই পরিস্থিতি অন্তত আরও তিন দিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়ছে।

এদিকে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

আরও পড়ুন