দেশে কমছে গুরুতর অপরাধ, মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগে ইতিবাচক পরিবর্তন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ১১:৫০
মাঠ প্রশাসনের কঠোর নজরদারি ও সমন্বিত উদ্যোগে দেশে গুরুতর অপরাধের সংখ্যা কমছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রমের ফলে অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে।
গত ২১ জুন মন্ত্রিপরিষদ বিভাগে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত মাসিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা সভায় উপস্থাপিত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিলের তুলনায় মে মাসে দেশে গুরুতর বা জঘন্য অপরাধ ২৪টি (০.৯২ শতাংশ) কমেছে। আর ২০২৫ সালের মে মাসের তুলনায় ২০২৬ সালের মে মাসে এ ধরনের অপরাধ কমেছে ২৩৭টি বা ৮.৪৪ শতাংশ।
মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা জানিয়েছে, জেলা প্রশাসকরা প্রতি মাসে নিজ নিজ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবেদন পাঠান। এসব তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোও সে অনুযায়ী কার্যপদ্ধতি নির্ধারণ করে।
মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিশাখার যুগ্মসচিব মোহাম্মদ খোরশেদ আলম বলেন, প্রতি মাসে বিভাগীয় কমিশনারদের সভায় জেলা পর্যায়ের কার্যক্রম পর্যালোচনা করা হয়। পরিস্থিতির উন্নতি হলে তা ধরে রাখার এবং অবনতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের আইনে যেসব অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, সেগুলোকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। এর মধ্যে রয়েছে পরিকল্পিত হত্যা, ধর্ষণ ও ধর্ষণজনিত মৃত্যু, যৌতুকের কারণে হত্যা, মুক্তিপণের জন্য অপহরণ, রাষ্ট্রবিরোধী যুদ্ধ, সন্ত্রাসবাদ এবং মানব পাচারের মতো অপরাধ।
বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসের তুলনায় ২০২৬ সালের মে মাসে রাজশাহী, রংপুর, সিলেটসহ বেশ কয়েকটি বিভাগে গুরুতর অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। মেট্রোপলিটন এলাকাতেও একই প্রবণতা দেখা গেছে। সেখানে ২০২৫ সালের মে মাসে গুরুতর অপরাধ ছিল ৪৮৮টি, যা ২০২৬ সালের মে মাসে কমে ৪০২টিতে নেমে এসেছে।
সারা দেশে ২০২৫ সালের মে মাসে মোট গুরুতর অপরাধ সংঘটিত হয়েছিল ২ হাজার ৮০৯টি। ২০২৬ সালের মে মাসে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৫৭২টি।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও দাবি করেন, গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে দেশে প্রায় সব ধরনের অপরাধ কমেছে। তিনি জানান, অপরাধ দমনে পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দায়িত্বশীল ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের স্বীকৃতিও দেওয়া হচ্ছে।
তার ভাষ্য, পল্লবীর শিশু রামিসা হত্যা মামলার তদন্ত, দৌলতদিয়া নৌদুর্ঘটনায় উদ্ধারকাজ এবং মুন্সীগঞ্জের সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পুলিশ সদস্যদের ইতোমধ্যে সম্মাননা দেওয়া হয়েছে।
প্রতিফলন/ রাশ
আরও পড়ুন
- • অনলাইন ব্যবস্থায় দ্রুত নিষ্পত্তি হবে শিক্ষকদের অবসর ভাতার আবেদন: শিক্ষামন্ত্রী
- • বিবাহিত পুরুষের প্রেমে না জড়ানোর পরামর্শ প্রভার
- • মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে ‘নরক’ বানানোর হুঁশিয়ারি আইআরজিসির
- • পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় গেলেন সেনাপ্রধান
- • রামপুরার মানবতাবিরোধী অপরাধ: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ তিনজনের মৃত্যুদণ্ড
- • বেসরকারি কলেজ-স্কুলে প্রশাসনিক দায়িত্বে আসছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা
- • আজ থেকে মিলবে ভারতের টুরিস্ট ভিসা, জেনে নিন আবেদন প্রক্রিয়া
- • দেশে কমছে গুরুতর অপরাধ, মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগে ইতিবাচক পরিবর্তন
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
