২০২৬ বিশ্বকাপ থেকে ফিফার আয় ১৫ বিলিয়ন ডলারের পথে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ১৬:২২
২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে ইতিহাসের সর্বোচ্চ রাজস্ব আয়ের পথে রয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্ট শেষে সংস্থাটির মোট আয় প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৮৪ হাজার ৫০০ কোটি টাকা।
বিশ্বকাপ শুরুর আগে ফিফার রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ১১ বিলিয়ন ডলার। তবে টিকিট বিক্রি, হসপিটালিটি প্যাকেজ এবং অন্যান্য বাণিজ্যিক খাত থেকে প্রত্যাশার চেয়ে বেশি আয় হওয়ায় সেই লক্ষ্য অনেকটাই ছাড়িয়ে গেছে।
এর আগে ২০২২ সালে কাতার বিশ্বকাপ থেকে ফিফার আয় হয়েছিল ৭ দশমিক ৬ বিলিয়ন ডলার। আর ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ থেকে আয় ছিল ৬ দশমিক ৪২ বিলিয়ন ডলার। সেই তুলনায় ২০২৬ বিশ্বকাপের আয় নজিরবিহীনভাবে বেড়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সদস্যদেশগুলোর ফুটবল সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই তথ্য জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, উচ্চমূল্যের হসপিটালিটি প্যাকেজ বিক্রি এবং টিকিটের পুনর্বিক্রয় বাজার থেকে অতিরিক্ত রাজস্বের বড় অংশ এসেছে। পুনর্বিক্রয় হওয়া প্রতিটি টিকিটে ক্রেতা ও বিক্রেতা—উভয় পক্ষের কাছ থেকেই ১৫ শতাংশ কমিশন পেয়েছে ফিফা।
রেকর্ড এই আয়ের একটি অংশ সদস্যভুক্ত জাতীয় ফুটবল সংস্থাগুলোর মধ্যে বণ্টনের পরিকল্পনাও রয়েছে। তবে অর্থ বণ্টনের পদ্ধতি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বিশ্লেষকদের মতে, এই বাণিজ্যিক সাফল্য ফিফা সভাপতি ইনফান্তিনোর অবস্থান আরও শক্ত করেছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত এবারের বিশ্বকাপ চলাকালে বিভিন্ন বিতর্কের মুখে পড়লেও বিপুল রাজস্ব আয় তার নেতৃত্বের প্রতি আস্থা বাড়াতে পারে।
বিশেষ করে শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড স্থগিতের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়। সমালোচকদের অভিযোগ ছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রভাবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ফিফা জানিয়েছে, স্বাধীন শৃঙ্খলা কমিটিই বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত দিয়েছে।
আগামী মার্চে ফিফা সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ২০০টিরও বেশি সদস্যদেশের ফুটবল সংস্থার সমর্থন পেয়েছেন ইনফান্তিনো। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের এই বিপুল আয়ের একটি অংশ সদস্য সংস্থাগুলোর মধ্যে বণ্টন করা হলে তার প্রতি সমর্থন আরও বাড়তে পারে।
এদিকে এবারের আর্থিক সাফল্যের পর ভবিষ্যতে আবারও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনাও জোরালো হয়েছে। ২০৩৮ সালের বিশ্বকাপ আয়োজনের বিড সামনে রেখে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়েও ফিফার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে।
বিশ্বকাপ ফাইনালের আগের রাত পর্যন্তও নিউজার্সিতে অনুষ্ঠিত স্পেন-আর্জেন্টিনা ম্যাচের জন্য ফিফার টিকিটিং পোর্টালে ভিআইপি ও হসপিটালিটি প্যাকেজ বিক্রি চলেছে। এর মধ্যে ‘ট্রফি লাউঞ্জ’ প্যাকেজের একেকটি টিকিটের মূল্য ছিল ৩৪ হাজার ৫০০ মার্কিন ডলার, যা এবারের বিশ্বকাপের বাণিজ্যিক সাফল্যের আরেকটি দৃষ্টান্ত।
আরও পড়ুন
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
