বিএনপির প্রতিনিধিদলের চীনের ইউএসটিসি পরিদর্শন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬, ২১:১০
কমিউনিস্ট পার্টি অব চায়না (সিসিপি)-এর আমন্ত্রণে চীন সফররত বিএনপির ১৯ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল দেশটির আনহুই প্রদেশের হেফেই শহরে অবস্থিত ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না (ইউএসটিসি) পরিদর্শন করেছে।
স্থানীয় সময় শুক্রবার (১৭ এপ্রিল) তারা বিশ্বখ্যাত এই বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। প্রতিনিধিদলটি গত ১৫ এপ্রিল চীন গমন করে এবং আগামী ২৪ এপ্রিল পর্যন্ত এই দেশটিতে অবস্থান করবে।
এই প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও ডা. আসাদুজ্জামান রিপন, সংসদ সদস্য সাঈদ আল নোমান, খায়রুল কবির খোকন, মোস্তাফিজুর রহমান বাবুল, সানজিদা তুলি, আমানউল্লাহ আমানসহ আরো বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন।
ইউএসটিসি চীনের মর্যাদাপূর্ণ সি নাইন লিগের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়, যা বিজ্ঞান গবেষণা ও উদ্ভাবনে বৈশ্বিকভাবে সুপরিচিত। নেচার ইনডেক্স অনুযায়ী গবেষণায় এ প্রতিষ্ঠান বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এ ছাড়া টাইমস হায়ার এডুকেশন, কিউএসসহ বিভিন্ন আন্তর্জাতিক র্যাংকিংয়ে এটি বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত।
সফরের শুরুতে প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের উন্নত গবেষণা কেন্দ্রসমূহ পরিদর্শন করে এবং আধুনিক গবেষণা অবকাঠামো ও শিক্ষাব্যবস্থা সরেজমিন প্রত্যক্ষ করে।
পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের অফিস অব ইন্টারন্যাশনাল কো-অপারেশনের উদ্যোগে একটি মতবিনিময়সভার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আন্তর্জাতিক অফিসের প্রতিনিধিরা এবং সেখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে অফিস অব ইন্টারন্যাশনাল কো-অপারেশনের প্রেসিডেন্ট ওয়াং ইউমিং বাংলাদেশি প্রতিনিধিদলকে ইউএসটিসিতে স্বাগত জানান। তিনি বলেন, বর্তমানে ইউএসটিসিতে ৩৯ জন বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে।
এরপর প্রতিনিধিদলের পক্ষ থেকে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। তিনি বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী করা সম্ভব।
তিনি আরো জানান, বর্তমানে চীনে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রেজেন্টেশনের মাধ্যমে ইউএসটিসির গবেষণা কার্যক্রম, একাডেমিক কাঠামো এবং বিশেষ উদ্যোগসমূহ তুলে ধরা হয়, যার মধ্যে ‘স্কুল অব গিফটেড ইয়ুথ’ বিশেষভাবে উল্লেখযোগ্য।
পরে সংসদ সদস্য সাঈদ আল নোমান তাঁর বক্তব্যে চীনকে ‘বর্তমান বিশ্বের উদ্ভাবনের কেন্দ্র’ হিসেবে উল্লেখ করেন।
তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে মনোনিবেশ করার আহ্বান জানান এবং অর্জিত জ্ঞান ও উদ্ভাবনী ধারণা ভবিষ্যতে দেশের উন্নয়নে কাজে লাগানোর পরামর্শ দেন।
সংসদ সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বলেন, বিশ্বমানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শনের অভিজ্ঞতায় তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত। তিনি বাংলাদেশের শিক্ষা ও গবেষণা খাত উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন ইউএসটিসিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী রাওহা বিন মেজবা। তিনি বলেন, চীনকে সত্যিকার অর্থে জানতে হলে সরাসরি অভিজ্ঞতা অর্জন প্রয়োজন এবং ইউএসটিসি উচ্চশিক্ষা ও গবেষণার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এ ছাড়া বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে আশরাফুল ইসলাম রাকিব, আবদুল্লাহ আল আলিফ এবং তৌফিকুর রহমান বাংলাদেশের সঙ্গে চীনের বিভিন্ন গবেষণা কার্যক্রম এবং প্রযুক্তি আদান-প্রদানের বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের শেষে দুই পক্ষের মধ্যে ভবিষ্যতে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করা হয়। এই সফরকে বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, গবেষণা এবং কৌশলগত সহযোগিতা আরো সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন
- • ভারতের লখনৌতে কোচিং সেন্টারে আগুন, নিহত অন্তত ১৫
- • মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম
- • শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চার দিনে জমা ১৭ লাখ টাকার বেশি
- • তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স, বন্ধ শত শত স্কুল
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • ‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারত-বাংলাদেশ সম্পর্কের নয়’
- • ৯ জেলায় রাত ১টার মধ্যে ঝড় হওয়ার আশঙ্কা
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
