যে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়নি
জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:০৪
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা দেশে শ্রদ্ধা আর পুষ্পস্তবকে ভরে ওঠে শহীদ মিনার। তবে জয়পুরহাটের আক্কেলপুরে ব্যতিক্রমী চিত্র দেখা গেছে। নানা আয়োজনে দিবসটি উদযাপন হলেও পৌর এলাকার আক্কেলপুর রেলস্টেশনের পূর্ব পাশে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে কেউ শ্রদ্ধা জানাতে যাননি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে দেখা যায়, জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে শহীদ মিনারটি। বেদিতে নেই কোনো ফুল বা শ্রদ্ধাঞ্জলি। ভেতরে কাপড় ও গোবরের ঘুঁটে শুকাতে দিয়েছেন স্থানীয়রা। প্রাঙ্গণ অপরিচ্ছন্ন, দেয়াল বিবর্ণ ও ভাঙাচোরা।
জানা গেছে, ২০১১ সালে রেলের জায়গায় কেন্দ্রীয় শহীদ মিনারটি নির্মাণ করা হয়। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক বাবলু এবং একই বছরের ১ জুলাই উদ্বোধন করেন বরেণ্য ভাষাসৈনিক আব্দুল মতিন। সর্বশেষ গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ওই শহীদ মিনারে প্রশাসনিক ও স্থানীয়ভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছিল।
স্থানীয়দের অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, শহীদ মিনার শুধু ইট-পাথরের স্থাপনা নয়; এটি জাতির আত্মপরিচয়ের প্রতীক। এমন একটি দিনে সেখানে একটি ফুলও না পড়া অত্যন্ত দুঃখজনক। এছাড়া প্রাঙ্গণে অধিকাংশ দিন সন্ধ্যার পর জুয়ার আসর বসে বলেও অভিযোগ রয়েছে।
পৌরসভার সাবেক কাউন্সিলর ও কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন কমিটির সদস্য আব্দুর রউফ মাজেদ বলেন, ‘বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করার জন্যই শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। কিন্তু সেখানে কেউ শ্রদ্ধা নিবেদন না করায় শহীদ মিনারটিকে অবমাননা করা হয়েছে।’
কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ আগরওয়ালা বলেন, ‘১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে তৎকালীন উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে শহীদ মিনারটি নির্মিত হয়। প্রতি বছর মাতৃভাষা দিবসসহ জাতীয় দিবসগুলোতে এখানে পুষ্পস্তবক অর্পণ করা হতো। এ বছর উপজেলা প্রশাসন সবার সম্মতিতে সরকারি মুজিবর রহমান কলেজ মাঠের শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে। তবে যেকোনো শহীদ মিনারে শ্রদ্ধা না জানানো দুঃখজনক।’
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পূর্বে রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুধীজনদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি মুজিবর রহমান আক্কেলপুরী কলেজের শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত বলেন, ‘সবার সিদ্ধান্ত মোতাবেক সরকারি মুজিবর রহমান আক্কেলপুরী কলেজের শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়েছে।’ কেন্দ্রীয় শহীদ মিনারে কেউ শ্রদ্ধা না জানানো প্রসঙ্গে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
আরও পড়ুন
- • ৪৭তম বিসিএসের ফলাফল প্রকাশ, ক্যাডার ১৩২০ জন
- • কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
- • লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
- • ইতালির সক্রিয় আগ্নেয়গিরিতে আবারও তীব্র অগ্ন্যুৎপাত
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • মধ্যপ্রাচ্যে ৮ মার্কিন ঘাঁটিতে বড় হামলার দাবি আইআরজিসির
- • সিলেটের নতুন জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী
- • হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
