২২ জুন ২০২৬, সোমবার, ২১:১৫

শিরোনাম
রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইল বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম ঢাকায় রাসায়নিক অস্ত্র কনভেনশন বিষয়ক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত ৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন বিনিয়োগ বাড়াতে ব্যবসা শুরুর বাধা দূর করা হবে: বাণিজ্যমন্ত্রী

জুলাইতেই বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

জুলাইতেই বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১৯:৪৮

জুলাই মাসের মধ্যেই বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষা খাতই প্রধানমন্ত্রী তারেক রহমানের সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্র।

সোমবার (২২ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও ডিনস এবং ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে অনেক মাদ্রাসা শিক্ষক মে ও জুন মাসের বেতন পাননি। ২০১৭ সালে নেওয়া ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) প্রকল্পের ব্যয় ১০ কোটি টাকা থেকে বেড়ে প্রায় ৮০ কোটি টাকায় পৌঁছালেও প্রকল্পটি এখনো সম্পন্ন হয়নি।

তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার প্রায় ১৭ হাজার মাদ্রাসা শিক্ষক নিয়োগ দিলেও তাদের বেতনের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করেনি। প্রতি মাসে মাদ্রাসা শিক্ষকদের বেতন দিতে ৫০০ কোটির বেশি টাকা প্রয়োজন হয়। সরকারের হাতে থাকা ১০০ কোটি টাকা ইতোমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে এবং জুলাই মাসের মধ্যেই সব শিক্ষকের বেতন পরিশোধ করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা-অগ্রাধিকারের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, শিক্ষা খাতকে আরও স্বাবলম্বী ও শক্তিশালী করতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, দেশের বিপুল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষার প্রসার জরুরি। এ লক্ষ্যে ষষ্ঠ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার আওতায় আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নেও কাজ চলছে।

নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং নোবিপ্রবির উপ-উপাচার্য ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ৪৯ জন শিক্ষক ও শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড এবং তিনজনকে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর আগে কেক কাটা, পায়রা উড়ানো এবং বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন