২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:১১

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ
শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

দীর্ঘ অপেক্ষার অবসান, আজ আনোয়ারায় শুরু হচ্ছে বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের যাত্রা

দীর্ঘ অপেক্ষার অবসান, আজ আনোয়ারায় শুরু হচ্ছে বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের যাত্রা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ১০:০০

দীর্ঘ এক দশকের অপেক্ষা, প্রশাসনিক জটিলতা ও অর্থায়নসংক্রান্ত নানা বাধা পেরিয়ে অবশেষে চট্টগ্রামের আনোয়ারায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড)। প্রায় ৮০০ একর জমির এই শিল্পাঞ্চলের গ্রাউন্ডব্রেকিং অনুষ্ঠান আজ সোমবার (২৭ জুলাই) অনুষ্ঠিত হবে।

সরকারের আশা, এই প্রকল্পে প্রাথমিকভাবে অন্তত ৫০ কোটি মার্কিন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আসবে। পাশাপাশি সরাসরি ও পরোক্ষভাবে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। উচ্চমূল্য সংযোজনকারী শিল্পে চীনা বিনিয়োগের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলাই এই প্রকল্পের লক্ষ্য।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ সিইআইজেড কোম্পানি লিমিটেডের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ সিইআইজেড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ওয়াং বেনচিয়ানসহ দুই দেশের সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেবেন।

এক দশকের অপেক্ষার পর বাস্তবায়নের পথে

বাংলাদেশ ও চীনের সরকার-টু-সরকার (জি-টু-জি) উদ্যোগে প্রকল্পটির সূচনা হয় ২০১৪ সালে। তবে ডেভেলপার নির্বাচন, অর্থায়ন ও অবকাঠামো পরিকল্পনার জটিলতায় দীর্ঘদিন প্রকল্পটি বাস্তবায়ন শুরু করা সম্ভব হয়নি।

শুরুতে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির সঙ্গে আলোচনা হলেও ২০২২ সালে চীনা সরকার চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনকে (সিআরবিসি) প্রকল্পের ডেভেলপার হিসেবে মনোনীত করে। গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় বেজা ও সিআরবিসির মধ্যে ডেভেলপার চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রকল্পটি নতুন গতি পায়।

একই সফরে মোংলা বন্দরের পাশে নতুন চীন-বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়। পাশাপাশি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও চীনের রাষ্ট্রীয় বিনিয়োগ প্রচার সংস্থা সিসিপিআইটির মধ্যেও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে সমঝোতা হয়।

যে অবকাঠামো গড়ে উঠবে

বেজার তথ্য অনুযায়ী, আনোয়ারা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নে চার হাজার ১৮৯ কোটি ৪৬ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে এক হাজার ৭২২ কোটি টাকা সরকারি অর্থায়ন এবং দুই হাজার ৪৬৭ কোটি টাকা আসবে চীনের প্রেফারেনশিয়াল বায়ার্স ক্রেডিট থেকে।

প্রকল্পের আওতায় নির্মাণ করা হবে ২০ হাজার ডেডওয়েট টন ধারণক্ষমতার বহুমুখী জেটি, সংযোগ সড়ক ও সেতু, চার লেনের সড়ক, ২৫ মিলিয়ন লিটার ধারণক্ষমতার কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার, বিদ্যুৎ উপকেন্দ্র, গ্যাস ও পানি সরবরাহ ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো।

উচ্চপ্রযুক্তি শিল্পে গুরুত্ব

সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই অর্থনৈতিক অঞ্চলে বস্ত্র, প্রযুক্তিনির্ভর তৈরি পোশাক, ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর, টেলিযোগাযোগ সরঞ্জাম, তথ্যপ্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস, মেডিক্যাল ডিভাইস এবং লাইট ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন উচ্চমূল্য সংযোজনকারী শিল্প গড়ে তোলা হবে।

বেজার নির্বাহী সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মেজর জেনারেল (অব.) মো. নজরুল ইসলাম জানিয়েছেন, প্রকল্পটি অনুমোদনের পাঁচ বছরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য থাকলেও প্রথম তিন বছরের মধ্যেই অন্তত ৬০ শতাংশ শিল্প প্লট বিনিয়োগকারীদের জন্য প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে। ২০৩১ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাড়ছে চীনা বিনিয়োগ

বেপজার তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ৩৬টি প্রতিষ্ঠানের সঙ্গে ভূমি ইজারা চুক্তি হয়েছে, যার সম্ভাব্য বিনিয়োগ ৭১ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ২৩টি প্রতিষ্ঠানই চীনা মালিকানাধীন বা চীনা যৌথ উদ্যোগের। এসব প্রতিষ্ঠানের সম্ভাব্য বিনিয়োগ প্রায় ৪৯ কোটি ৮৯ লাখ মার্কিন ডলার।

পোশাক শিল্পের পাশাপাশি ড্রোন, সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স, কপার পণ্য, মেডিক্যাল ডিভাইস, লজিস্টিকস ও হাইড্রোপনিক প্রযুক্তির মতো খাতেও চীনা বিনিয়োগ বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এদিকে বিডার তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ৯২১ কোটি মার্কিন ডলারের সম্ভাব্য বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে।

আনোয়ারাজুড়ে উৎসবের আমেজ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে আনোয়ারাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের মতে, দীর্ঘদিনের অপেক্ষার পর প্রকল্পটির বাস্তবায়ন শুরু হওয়ায় দক্ষিণ চট্টগ্রামের শিল্পায়নের নতুন দ্বার উন্মোচিত হচ্ছে।

কর্ণফুলী টানেলের মাধ্যমে আনোয়ারা সরাসরি চট্টগ্রাম নগরী ও জাতীয় মহাসড়কের সঙ্গে যুক্ত। এছাড়া চট্টগ্রাম সমুদ্রবন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী হওয়ায় কাঁচামাল আমদানি, পণ্য রপ্তানি এবং বিদেশি বিনিয়োগকারীদের যাতায়াত সহজ হবে।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে এবং স্থানীয় তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দীন বলেন, এটি আনোয়ারাবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন প্রস্তুত রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে এটি শুধু একটি শিল্পাঞ্চল নয়, বরং বাংলাদেশে চীনা বিনিয়োগ, রপ্তানিমুখী শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন অধ্যায়ের সূচনা করবে।

আরও পড়ুন