কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক সেবনের অভিযোগে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন— কুমিল্লা নগরীর শুভপুর এলাকার ইমন সাহা (২৫), ধননঞ্জয় এলাকার জয় চন্দ্র শীল (২৫), চকবাজার এলাকার লিটন চক্রবর্তী (৪০), ভাটপাড়া এলাকার আল আমিন (২৫), রায়হান কবির রাব্বি (৩৩), বুড়িচং উপজেলার ছোট হরিপুর এলাকার মো. ইউসুফ (৩০), শিমপুর এলাকার রাকিব (২৩) এবং বিষ্ণপুর এলাকার তাসরিফ হাসান লিয়ান (২৩)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে বুড়িচং থানা পুলিশের একটি দল উপজেলার বাকশিমুল ইউনিয়নের পাল্টি রাজাপুর এলাকায় কুমিল্লা-বাগড়া সড়কে চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ৮ জনকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
