অস্ট্রেলিয়া সিরিজের আগে নাহিদকে হারানোর কারণ ব্যাখ্যা বিসিবির
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ১৫:১১
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে বহুল প্রতীক্ষিত এই সিরিজে দলের অন্যতম প্রধান পেসার নাহিদ রানাকে পাচ্ছে না টাইগাররা। সাইড স্ট্রেইনের কারণে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন এই গতিতারকা।
বিসিবি জানিয়েছে, নাহিদের চোট থেকে সেরে উঠতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে। গত ১৭ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিং করার সময় তিনি চোট পান। ২.৩ ওভার করার পর মাঠ ছাড়েন এবং এরপর আর বোলিংয়ে ফেরেননি। দেশে ফিরে স্ক্যানে তার গ্রেড-টু সাইড স্ট্রেইন ধরা পড়ে। আপাতত চার সপ্তাহ বিশ্রামে থাকবেন তিনি। এরপর পুনর্বাসন শেষে মাঠে ফিরতে আরও দুই থেকে চার সপ্তাহ লাগতে পারে।
নাহিদের ইনজুরি নিয়ে বিসিবির পক্ষ থেকে সংক্ষিপ্ত বিবৃতি দেওয়া হলেও এ বিষয়ে দলের অন্য সদস্যদের প্রকাশ্যে কথা বলতে নিরুৎসাহিত করা হয়েছে। তবে একাধিক সূত্রের দাবি, জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির আগে থেকেই অস্বস্তি অনুভব করছিলেন নাহিদ। সিরিজে পিছিয়ে থাকায় তাকে খেলানো হয়েছিল বলেও দাবি করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে সোমবার (২৭ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে নাহিদের ইনজুরি এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
তিনি বলেন, “আমরা কোনো একজন খেলোয়াড়কে আলাদা করে দেখি না। নাহিদ রানা, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান কিংবা তাওহীদ হৃদয়—সবাইকে একই প্রক্রিয়ায় মূল্যায়ন করা হয়। মেডিকেল বিভাগ, ফিজিও এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্ট টিমের রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়।”
হাবিবুল জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রতিটি পেসারের ওয়ার্কলোড পর্যবেক্ষণ করা হয়।
“জিপিএস ট্র্যাকার দিয়ে কে কত ওভার বল করছে, কত ম্যাচ খেলছে এবং শরীরের ওপর কতটা চাপ পড়ছে—সবকিছু নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। এটি শুধু নাহিদের জন্য নয়, দলের সব ফাস্ট বোলারের ক্ষেত্রেই প্রযোজ্য।”
তিনি আরও বলেন, অস্ট্রেলিয়া সিরিজের আগে নাহিদকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হয়েছিল।
“অস্ট্রেলিয়া সিরিজ বিবেচনায় আমরা বাড়তি সতর্কতা নিয়েছিলাম। প্রথম দুটি ওয়ানডে খেলেছে, এরপর এক সপ্তাহ বিশ্রাম পেয়েছে। পরে দুটি টি-টোয়েন্টি খেলেছে। ওয়ার্কলোড রিপোর্ট অনুযায়ী সে টেস্ট খেলার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল।”
নাহিদের চোটকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে প্রধান নির্বাচক বলেন, “না খেললেও হয়তো এই চোট এড়ানো যেত। আবার দীর্ঘদিন ম্যাচের বাইরে রাখলেও ঝুঁকি তৈরি হয়। একজন ফাস্ট বোলারকে নির্দিষ্ট পরিমাণ বোলিং করতেই হয়, যাতে সে ‘গ্রিন জোন’-এ থাকে।”
তিনি জানান, বিসিবির ওয়ার্কলোড ম্যানেজমেন্টে ফাস্ট বোলারদের জন্য ‘গ্রিন’, ‘ইয়েলো’ ও ‘রেড’ জোন রয়েছে। অতিরিক্ত কিংবা প্রয়োজনের চেয়ে কম বোলিং—দুই ক্ষেত্রেই ইনজুরির ঝুঁকি থাকে।
নাহিদের অনুপস্থিতিকে বড় ধাক্কা হিসেবে উল্লেখ করে হাবিবুল বলেন, “বিশ্ব ক্রিকেটে নাহিদ রানার মতো গতির বোলার খুব বেশি নেই। আমার মতে, তাকে মিচেল স্টার্কদের কাতারেই রাখা যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে না পাওয়া অবশ্যই বড় ক্ষতি।”
তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমাদের দলে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও খালেদ আহমেদের মতো মানসম্পন্ন পেসার রয়েছে। আমরা যে দল নিয়ে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছি, সেটিকেই সেরা দল মনে করি এবং এই দল নিয়েই সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।”
আরও পড়ুন
- • গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার
- • চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
- • শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
