ইরানের সঙ্গে আলোচনা চলছে, ব্যর্থ হলে আবার হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ১৪:৩০
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে তাঁদের ‘ভালো আলোচনা’ চলছে এবং চলমান উত্তেজনা কূটনৈতিকভাবে সমাধানের সম্ভাবনা রয়েছে। তবে আলোচনায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ নেবে বলেও সতর্ক করেছেন তিনি।
সোমবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং সমাধানের সম্ভাবনা রয়েছে। তবে তা ব্যর্থ হলে কয়েক দিন আগে যে অবস্থান ছিল, সেখানেই ফিরে যেতে হবে বলে মন্তব্য করেন তিনি।
পরে মিশিগানে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, ইরানকে ‘ঘুষ দিয়ে থামানো যাবে না’, তাদের শক্তি দিয়েই মোকাবিলা করতে হবে। তবে বর্তমানে দুই পক্ষের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেন।
ট্রাম্পের এই বক্তব্যের পর ইরান জানিয়েছে, তারা নতুন করে কোনো আলোচনার অনুরোধ করেনি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান চলছে এবং তেহরান কূটনীতির পথ থেকে সরে আসেনি। তবে ইরান আলোচনার উদ্যোগ নিয়েছে—এমন দাবি ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে মন্তব্য করেন তিনি।
রয়টার্সকে দেওয়া এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকা পর্যন্ত ইরানও নতুন কোনো হামলা চালাবে না।
এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে টানা দুই সপ্তাহের বিমান হামলা সাময়িকভাবে স্থগিত করলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। সোমবার সৌদি আরব, জর্ডান ও ইরাকে ড্রোন হামলার খবর পাওয়া গেছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াদসহ বিভিন্ন তেল স্থাপনাকে লক্ষ্য করে ছোড়া কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তাদের দাবি, ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো এসব হামলা চালিয়েছে। এ ঘটনায় জবাব দেওয়ার অধিকার সৌদি আরব সংরক্ষণ করছে বলেও জানিয়েছে দেশটি।
অন্যদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে, সৌদি আরবের ইয়ানবু বন্দরের দিকে যাওয়া ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে তারা হামলা চালিয়েছে। এটি সৌদি ড্রোন অভিযানের প্রতিশোধ বলে দাবি করেছে গোষ্ঠীটি।
এদিকে ইরান আবারও দাবি করেছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ বহাল রয়েছে। একই সঙ্গে ইরানের সামরিক বাহিনী অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে জাহাজ ও তেলবাহী ট্যাংকারকে হুমকি দিচ্ছে এবং অবৈধ সামুদ্রিক অবরোধের চেষ্টা করছে, যা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা ছয়টি জাহাজকে তারা ফিরিয়ে দিয়েছে।
এদিকে হামলা স্থগিত এবং সম্ভাব্য আলোচনার ইঙ্গিতের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। মার্কিন অপরিশোধিত তেলের দাম ৮ দশমিক ২১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮১ দশমিক ৯৮ ডলারে নেমেছে। আর ব্রেন্ট ক্রুডের দাম ৯ দশমিক ৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৭৭ ডলারে।
রয়টার্সের এক প্রতিবেদনে মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, সামরিক কমান্ডাররা ট্রাম্পকে জানিয়েছিলেন, সাম্প্রতিক হামলায় বেশির ভাগ নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং অস্ত্রের মজুত নিয়েও কিছু উদ্বেগ রয়েছে।
তবে ট্রাম্প এ দাবি নাকচ করে বলেন, যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারে কোনো সংকট নেই। ইউক্রেনে পাঠানো অস্ত্রের ঘাটতিও দ্রুত পূরণ করা হচ্ছে।
ওয়াশিংটন ও তেহরান জুন মাসে আগস্টের শেষ নাগাদ পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার একটি কাঠামোয় সম্মত হয়েছিল। তবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়টি নিয়ে সেই সমঝোতার ব্যাখ্যায় এখনো দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে।
যুক্তরাষ্ট্রের মতে, ওই সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালিতে অবাধ নৌচলাচল নিশ্চিত করতে হবে। অন্যদিকে ইরান বলছে, ওই জলপথে চলাচল তদারকি এবং প্রয়োজনে ট্রানজিট ফি আরোপের অধিকার তাদের রয়েছে।
আরও পড়ুন
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • ট্রাফিক শৃঙ্খলায় নতুন উদ্যোগ, রাজধানীতে বসছে আরও ১ হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- • মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনার দাবি, ভিডিও ঘিরে উদ্বেগ
- • হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৪
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
