২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:১১

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

‘গুলশানের চামেলি’তে দেখা যাবে মধুমিতাকে, বাংলাদেশি সিনেমায় অভিষেক

‘গুলশানের চামেলি’তে দেখা যাবে মধুমিতাকে, বাংলাদেশি সিনেমায় অভিষেক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ১৮:৩৪

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক করতে যাচ্ছেন। নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন তিনি। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।

কলকাতা থেকে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মধুমিতা বলেন, বহুদিন ধরেই বাংলাদেশের কোনো প্রজেক্টে কাজ করার ইচ্ছা ছিল তার। নানা কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত না হলেও এবার সেই অপেক্ষার অবসান হচ্ছে।

তিনি জানান, সম্প্রতি সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। গল্প ও চরিত্র সম্পর্কে জানার পরই কাজটি করতে রাজি হন। তার ভাষায়, গল্পটি যেমন ব্যতিক্রমী, তেমনি চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। কলকাতায় নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও এমন চরিত্রে আগে কখনো কাজ করা হয়নি। চরিত্রটির বিভিন্ন স্তর বা লেয়ার থাকায় এটি নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত।

জানা গেছে, ‘গুলশানের চামেলি’ নির্মিত হচ্ছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে। গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতার নির্মম খেলায় বারবার শিকার হন। সিনেমাটিতে প্রচলিত অর্থে কোনো নায়ক থাকছে না; পুরো কাহিনি আবর্তিত হবে একজন নারীকে ঘিরে।

সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বর বা ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে। তবে মধুমিতার সঙ্গে আর কোন কোন শিল্পী অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, শুটিং শুরু হতে এখনো কয়েক মাস সময় রয়েছে। পাশাপাশি অন্য শিল্পীদের নামও এখনো তার জানা হয়নি।

বাংলাদেশে কাজের সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন মধুমিতা। তিনি বলেন, ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের সময় থেকেই বাংলাদেশে তার বিপুলসংখ্যক দর্শক রয়েছে। ক্যারিয়ারে পাওয়া ভালোবাসার বড় একটি অংশই বাংলাদেশি দর্শকদের কাছ থেকে এসেছে বলে উল্লেখ করেন তিনি। শিগগিরই তাদের সঙ্গে সরাসরি দেখা করার অপেক্ষায় আছেন বলেও জানান।

বাংলাদেশের নাটক, ওয়েব কনটেন্ট ও চলচ্চিত্রও নিয়মিত দেখেন বলে জানান এই অভিনেত্রী। তার পছন্দের তালিকায় রয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘পিপড়াবিদ্যা’, ‘টেলিভিশন’, ‘থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার’ এবং গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’।

বাংলাদেশি শিল্পীদের প্রশংসা করে মধুমিতা বলেন, দেশের গল্প বলার ধরণ তার খুবই ভালো লাগে। মোশাররফ করিমের সঙ্গে আগেও কাজ করেছেন উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে চঞ্চল চৌধুরীর সঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে। পাশাপাশি সুযোগ পেলে বাংলাদেশের শীর্ষ তারকা শাকিব খানের সঙ্গেও অভিনয় করতে চান।

উল্লেখ্য, বাংলাদেশের বড় পর্দায় এটিই হতে যাচ্ছে মধুমিতা সরকারের প্রথম সিনেমা। এর আগে ২০১৬ সালে এনটিভিতে প্রচারিত নাটক ‘মেঘবালিকা’-তে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এবার ‘গুলশানের চামেলি’ দিয়েই বাংলাদেশের চলচ্চিত্রে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

প্রতিফলন/ এজে

আরও পড়ুন