মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েই দেশে ফিরতে চান শেখ হাসিনা: আওয়ামী লীগ নেতাদের দাবি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ১০:১৫
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েই দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান বলে দাবি করেছেন আওয়ামী লীগের একাধিক নেতা। সম্প্রতি অনলাইন বৈঠক ও সরাসরি সাক্ষাতে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন—এমন কয়েকজন নেতা এ তথ্য জানিয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে টাইমস অব বাংলাদেশ।
দলীয় নেতাদের দাবি, শেখ হাসিনার দেশে ফেরাকে সামনে রেখে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি মূলত দলীয় কর্মীদের চাঙা রাখার কৌশল, বাস্তবে বর্তমান পরিস্থিতিতে তার দেশে ফেরা অনিশ্চিত।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পরে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয়।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, “শেখ হাসিনা দ্রুত দেশে ফিরতে চান। যেভাবে তিনি ভারতে গিয়েছেন, সেভাবেই বীরদর্পে দেশে ফিরবেন।” তিনি আরও জানান, শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে বড় জনসমাগমের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে দাবি করা ইউরোপ আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে বিচার মোকাবিলা করতে চান। এমনকি আগামী ১৫ আগস্টের আগেই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে ভ্রমণ অনুমতিপত্র চাইতে পারেন বলেও তিনি উল্লেখ করেন।
ওই নেতা আরও দাবি করেন, টেলিগ্রামে দলের নেতাদের সঙ্গে এক দলীয় কলে শেখ হাসিনা বলেছেন, “দেশে এসে গণতন্ত্রের জন্য যদি তাকে ফাঁসির মঞ্চেও যেতে হয়, তাতেও তার কোনো কষ্ট থাকবে না।”
বর্তমানে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা মুহাম্মদ ইউনূস সরকারের সময় আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত ও পরে নিষিদ্ধ করা হলে দলটি আরও চাপে পড়ে। অনেক নেতাকর্মী মামলা, গ্রেপ্তার আতঙ্ক ও আর্থিক সংকটে রয়েছেন।
দলটির নেতাদের দাবি, শেখ হাসিনা এখনও ভারতে অবস্থান করলেও নিয়মিত নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিচ্ছেন। মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সংগঠিত করার দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক-কে।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, সরকার আইনিভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে এবং তিনি যেন দেশে এসে মামলার মুখোমুখি হন, সেটিই সরকার চায়।
রাজনৈতিক বিশ্লেষক ও রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, “শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন বিশ্বাসযোগ্য কোনো উপাদান আমি দেখছি না। এটি মূলত রাজনৈতিক বক্তব্য।”
অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান কৌঁসুলি ও জ্যেষ্ঠ আইনজীবী তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে প্রথমেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে হবে। পাশাপাশি মানবতাবিরোধী অপরাধ, গুম-খুন ও দুর্নীতির মামলাগুলোরও মোকাবিলা করতে হবে।
তিনি আরও বলেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময় ইতোমধ্যে শেষ হয়ে গেছে। তবে তিনি আপিল করতে পারবেন কি না, সে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট।
সূত্র : টাইমস অফ বাংলাদেশ
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
