০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫৫

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫
শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

হজ শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা

হজ শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ মে, ২০২৬, ০৯:৩০

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবারের পবিত্র হজ কার্যক্রম। পুরো হজ ব্যবস্থাপনাজুড়ে চমৎকার সমন্বয়, শৃঙ্খলা ও নিবিড় তদারকি থাকায় লাখো মুসল্লি কোনো ভোগান্তি ছাড়াই তাদের ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পেরেছেন।

গত শুক্রবার তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়। হজের যাবতীয় ধর্মীয় কার্যক্রম সফলভাবে সম্পন্ন করে এবার দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। শনিবার (৩০ মে) দিবাগত রাত থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম।

সৌদি আরবের স্থানীয় সময় শনিবার রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাউদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে প্রথম ফিরতি ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রথম দিনেই মোট ১৩টি ফ্লাইটে পাঁচ হাজার ৪৩৪ জন হাজি বাংলাদেশে ফিরবেন। এর আগে, গত ১৭ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০২৬ সালের হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইটটি গত ২১ মে সৌদি আরবে পৌঁছায়। সূচি অনুযায়ী, আগামী ১ জুলাই ফিরতি হজ ফ্লাইটের এই কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।

এ বছর হজ ব্যবস্থাপনায় বিশেষ তৎপরতা দেখিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহণ চুক্তি, আবাসন এবং ভিসাসহ সব ধরনের প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা হয়েছিল। পাশাপাশি হজযাত্রী পরিবহণ নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ফলে কোনো ধরনের বড় সময়সূচি বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী যথাসময়ে সৌদি আরবে পৌঁছাতে সক্ষম হন।

হজের আনুষ্ঠানিকতা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ার কারণেই এবারের হজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই সফলতার কৃতিত্ব কোনো ব্যক্তি বা একক প্রতিষ্ঠানের নয়, এটি মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ। ধর্মমন্ত্রী আরও জানান, ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, প্রশাসনিক টিম এবং হজ সংশ্লিষ্ট সবাই আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রীও হাজিদের সেবার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন, যার অংশ হিসেবে বিনামূল্যে লাগেজ র‌্যাপিং ও বিশুদ্ধ পানিসহ বিভিন্ন সুবিধা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি আরাফা ও মিনায় বাংলাদেশি হাজিদের মাঝে জুস বিতরণের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছিল।

আগামী বছরের হজ ব্যবস্থাপনা আরও উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করে ধর্মমন্ত্রী বলেন, হাজিদের ভোগান্তি আরও কমাতে কিছু হজ প্যাকেজ ও বেসরকারি এজেন্সির কার্যক্রম নতুন করে মূল্যায়ন করা হবে। একই সঙ্গে হজের ব্যয় কমিয়ে আনার বিষয়েও সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। সৌদি আরবের সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার প্রশংসা করে তিনি বলেন, অত্যন্ত সুন্দর পরিবেশে এবারের হজ সম্পন্ন করায় সৌদি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রশংসার দাবিদার। বাংলাদেশ ও সৌদি সরকার, হজ-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, এজেন্সি এবং গণমাধ্যমের সম্মিলিত প্রচেষ্টায় এই সফলতা সম্ভব হয়েছে। অন্যদিকে, হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারও এবারের হজ ব্যবস্থাপনাকে অত্যন্ত সফল উল্লেখ করে বলেন, সব পক্ষের সমন্বিত উদ্যোগে হাজিরা এবার নির্বিঘ্নে ধর্মীয় কার্যক্রম পালন করতে পেরেছেন।

আরও পড়ুন